Friday, July 17, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ঢাকার উত্তরার পানি ও গ্যাস সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, উত্তরার মানুষ নিয়মিত বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে পানি ও গ্যাস সঠিকভাবে পাচ্ছে না, যা তাদের দুর্ভোগের অন্যতম কারণ।

মঙ্গলবার রাত দেড়টার দিকে উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, অতীতে দেশে নতুন গ্যাসকূপ অনুসন্ধানে বাধা দেওয়া হয়েছে, যার ফলে সংকট তৈরি হয়েছে। তিনি নতুন গ্যাস অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

নদী ও পানির সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশের খাল-বিল শুকিয়ে গেছে এবং উজানে বাঁধ নির্মাণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। এ সমস্যা সমাধানে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চিকিৎসাসেবার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, উত্তরায় একটি সরকারি হাসপাতাল প্রয়োজন। ধানের শীষ বিজয়ী হলে এ উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ২০২৪ সালের ৫ আগস্টের ‘জুলাই অভ্যুত্থান’-এ উত্তরার মানুষের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, এর আগে তিনি গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন।

Exit mobile version