সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ও নতুন বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ করতে চায় ভারত।শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে জয়ের পরই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং মোদির একটি চিঠি হস্তান্তর করেন। সেই চিঠিতে গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ভারতের সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাণিজ্য, কূটনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা আরও বাড়াতে চায় দিল্লি।

সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন ভারতীয় মুখপাত্র। তিনি জানান, এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করবে নয়াদিল্লি।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের ভিসা কার্যক্রমেও গতি ফিরতে শুরু করেছে। আজ শুক্রবার থেকে দিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেয়া শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।

এর আগে গত বৃহস্পতিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগির ‘স্বাভাবিক পর্যায়ে’ ফিরে আসবে।

Leave A Reply

Exit mobile version