Friday, July 17, 2026

ইরান-আমেরিকার মধ্যে টানাপড়েন তুঙ্গে। কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আবহে ইরানের রাজধানী তেহরানের অদূরে জোরালো বিস্ফোরণ। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে তেহরানের পাশের শহর পারান্দের আকাশ।
এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এক্স হ্যান্ডলে। ইরান ইন্টারন্যাশনাল নামে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিওটি সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, যে অঞ্চলে ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে, তার আশপাশেই একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। কৌশলগত দিক দিয়ে ওই জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ ইরানের কাছে।

তবে ইরান কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। পারান্দের দমকম বিভাগ জানিয়েছেন, শহরের নদী তীরবর্তী এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত বছরের শেষে ইরান জুড়ে বিক্ষোভের সময় থেকেই তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে টানাপড়েন চলছে। পরবর্তী ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আপত্তি তুলতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। উলটে হুঁশিয়ারি, পালটা হুঁশিয়ারি অব্যাহত থেকেছে। পশ্চিম এশিয়ায় নৌবহরও মোতায়েন করেছে আমেরিকা। যা নিয়ে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। এই আবহে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাগজিয়স’ দাবি করে, আমেরিকা এবং ইজরায়েল যৌথ ভাবে ইরানে বড়সড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে। আশঙ্কা, এতে পশ্চিম এশিয়ার স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে। ঘটনাচক্রে, তার পরেই বিস্ফোরণ খবর প্রকাশ্যে এল।

Exit mobile version