রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবার মৃত্যুর পর মুক্তি মিললো ছাত্রলীগ নেতা আবু সামার। তবে জামিনে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি তিনি।

বুধবার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মো. আবু সামা (সামি)। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজায় অংশ নিতে বাড়ি ফিরেছিলেন সামা। কিন্তু কারাগারের বিভিন্ন জটিলতার কারণে সময়মতো বাড়িতে পৌঁছাতে পারেননি তিনি।
আবু সামার আইনজীবী জানান, কারাগারে বন্দি ছেলের মুক্তির অপেক্ষায় দীর্ঘ ছয়টি মাস প্রহর গুনেছেন বাবা। আশা ছিল, জামিনে মুক্তি পেয়ে ছেলে ফিরবে, শেষ বয়সে ছেলের কাঁধে হাত রাখবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। ছেলের দুশ্চিন্তা আর বুকভাঙা কষ্ট নিয়ে পৃথিবী থেকেই বিদায় নিলেন বাবা ওমর আলী। বাবার মৃত্যুর পর অবশেষে আইনি জটিলতা কাটিয়ে তার জামিন হয়।
তিনি আরও জানান, উচ্চ আদালত থেকে আগেই আবু সামার জামিন হয়েছিল। কিন্তু আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং কাগজপত্র যাচাই-বাছাইয়ের কারণে তার মুক্তি আটকে ছিল। এর মধ্যেই গতকাল (মঙ্গলবার) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান সামার বাবা ওমর আলী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবু সামা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২০২৫ সালের ২৩ আগস্ট পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের মার্চের ২৬ তারিখ রাজধানীর গোলাপ শাহ মাজার থেকে ফুলবাড়িয়াগামী রাস্তায় অজ্ঞাত ৫০-৬০ জন ব্যক্তি অন্তর্বর্তী সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করে। ওই ঘটনার করা মামলায় আবু সামাসহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের পরিদর্শক মো. আলমগীর হোসেন তাকে আদালতে এনে কারাগারে পাঠানোর আবেদন করেন। তখন থেকে এই ছাত্রলীগ নেতা কারাগারেই ছিলেন।

Leave A Reply

Exit mobile version