Friday, July 17, 2026

দীর্ঘ শোকানুষ্ঠান শেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে সমাহিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর শুক্রবার ভোরে তাকে দাফন করা হয়। শুক্রবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর মাশহাদে তার দাফন সম্পন্ন হয়।
ইরানের ইতিহাসে মাশহাদে সমাহিত হওয়া দ্বিতীয় শাসক হলেন খামেনি। এর আগে ১৭৪৭ সালে নিহত শাসক নাদের শাহকে একই শহরে সমাহিত করা হয়েছিল।
খামেনির শেষ বিদায়ের শোভাযাত্রা দেশজুড়ে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয় এবং সড়ক ও আকাশপথে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থান এবং প্রায় চার দশকের নেতৃত্বের কারণে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

Exit mobile version