সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের পূর্ণ আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী, যা পূরণে মন্ত্রণালয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “জনগণের ম্যান্ডেট নিয়ে আসা এই সরকারের প্রধান লক্ষ্য হলো নির্বাচনি ইশতেহারের দ্রুত বাস্তবায়ন। বিশেষ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে গণতান্ত্রিক সংস্কারের দাবি রয়েছে, তা পূরণে আমাদের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।” তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন এবং নৈতিক মান উন্নয়নের মাধ্যমেই জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব।

মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধিতে নতুন জনবল নিয়োগের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে। এর সাথে বাজেট মঞ্জুরির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সমন্বয় প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই।” আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সঠিক ও কার্যকর পরিকল্পনার প্রয়োজনীয়তা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের দ্রুত পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এই সুপারিশমালার ভিত্তিতেই সংস্কারের পরবর্তী ধাপগুলো নির্ধারিত হবে বলে তিনি জানান।

সভায় উপস্থিত ছিলেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) দেলোয়ার হোসেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম। মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ ও সংশ্লিষ্ট অনুবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave A Reply

Exit mobile version