Friday, July 17, 2026

রাজধানীর উত্তরায় দূরপাল্লার একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
পুলিশ জানায়, রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ বড় পর্দায় উপভোগ করে মোটরসাইকেলে টঙ্গীর বাসার উদ্দেশ্যে রওনা হন দুই সাংবাদিক। তারা বিআরটি লেন দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Exit mobile version