Friday, July 17, 2026

রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে আপাতত আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বুধবার রাত ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা স্থান ত্যাগ করেন।
আন্দোলনকারীদের পক্ষে ধানমণ্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। বিষয়টি বিবেচনায় নিয়েই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, তাদের এক দফা দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বুধবার রাত ১০টার মধ্যে তিনি পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হবে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিকাল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকাল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে সড়ক অবরোধ শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

Exit mobile version