শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২৭.৫ মণ (৫১০০ কেজি) জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।বুধবার সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে হাইমচরের চরভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। এসময় জাটকা আহরণের দায়ে বোটটিতে থাকা ১০ জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক। তিনি আটক জেলেদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারকৃত জাটকাগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইলিশের পোনা জাটকা সংরক্ষণের উদ্দেশ্যে মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এই সময়ে জাটকাসহ সব ধরণের মাছ ধরা, পরিবহন ও মজুদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Leave A Reply

Exit mobile version