বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বাকিদের মধ্যে দুইজন অসুস্থ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত মেঘনা নদীর আখনের হাট থেকে বহরিয়া এলাকা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানকালে জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৩২ জেলেকে আটক করা হয়। এ সময় দুটি মাছ ধরার নৌকা, ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং প্রায় ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

মামলায় অভিযুক্ত জেলেরা হলেন- আব্দুর রহমান খান, বাবুল মাঝি, মো. জাকির হোসেন, মনু মিয়া গাজী, মো. আমন, জিল্লু মাঝি, আওলাদ বন্দুকসী, ফরিদ বন্দুকসী, ইব্রাহীম খান, হাবিব খান, জাহিদুল ইসলাম, মো. মোশাররফ মাঝি, মো. ইউসুফ মাঝি, হারুন খান, শাহজাহান শেখ, রুস্তম হাওলাদার, আব্দুল কাদির ঢালি, বাসু ঢালী, দুলাল দিদার, শাকিল হাওলাদার, শিপন সিকদার, তানভীর হাওলাদার, মানিক জমাদ্দার, আকাশ খান, ইমান গাজী, রুবেল ছৈয়াল, মো. ছাত্তার গাজী ও সাগর হাওলাদার। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নৌ থানায় মৎস্য আইনে পৃথক ১০টি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল ও নৌকা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত জাটকাগুলো স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযানে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ নৌ থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

Leave A Reply

Exit mobile version