Friday, July 17, 2026

গণভোটের ব্যালটপত্র জাতীয় নির্বাচনের ব্যালটপত্র থেকে ভিন্ন রঙের হবে। আগামী বুধবারের মধ্যে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে মঙ্গলবার (২৫ নভেম্বর) জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা পরিষদের সভায় গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, গণভোটে একটি প্রশ্ন থাকবে, যার উত্তরে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’-এ ভোট দেবেন। গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সময়ে। ভোটাররা যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই ব্যালটপত্রের রঙ ভিন্ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররাই গণভোটের দায়িত্ব পালন করবেন।

আইন উপদেষ্টা উল্লেখ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে নির্বাচনে জয়ী দল বাধ্য থাকবে-এটি সহ মোট চারটি পয়েন্টে জনগণের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট নেওয়া হবে।

এর আগে, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদিত হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব সম্পর্কে জনমত যাচাইয়ের জন্য সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

Exit mobile version