কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুইজন মেট্রন ও পাঁচজন মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। পালিয়ে যাওয়া বন্দির নাম রিম্পা (২১)। তিনি কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান বলে তদন্তে উঠে এসেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার পর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে শুক্রবার সংশ্লিষ্ট সাতজনকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত মেট্রনের তদারকির ঘাটতির সুযোগে বন্দি রিম্পা অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা এবং মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।
ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগার এলাকায় ব্যাপক তল্লাশি চালায়। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগারের সীমানা অতিক্রম করে পালিয়ে গেছেন।
এ ঘটনার পর শুক্রবার রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে। একই সঙ্গে পলাতক বন্দিকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বে গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

