রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত ‘কক্সবাজার এলপিজি স্টেশন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল থেকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা ২০ মিনিটের দিকে তা ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মাদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রামু ও উখিয়া স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়। মোট সাতটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ মোট ১০টি ইউনিট অংশ নেয়। গ্যাস লিকেজের কারণে এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তদারকিতে রয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। অনেকেই হতাহত হয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্প এলাকায় ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। এলপিজি গ্যাসের মজুদ থাকায় আগুন দ্রুত তীব্র আকার ধারণ করে। বিস্ফোরণের আশঙ্কায় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

Leave A Reply

Exit mobile version