সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশন বিএনপির সঙ্গে বেইমানি করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, “ঐকমত্য কমিশন অনেক বিষয়ে বেইমানি করেছে। আমরা যা চাইনি তাও সংস্কারে যুক্ত করা হয়েছে। তারপরও আমরা অনেক কিছু মেনে নিয়েছি। একটি পক্ষ বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে অপপ্রচার করছে। অথচ, ২০২২ সালে আমরাই সর্বপ্রথম সংস্কার প্রস্তাব দিয়েছি। সব দলের সঙ্গে আলোচনা করে আমাদের নেতা এ সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব দিয়েছিলেন। আমরা বলবো, সংস্কার বিএনপির সন্তান। অনেকে আমাদের জিজ্ঞেস করে আমরা সংস্কারের পক্ষে না বিপক্ষে।”

তিনি আরও বলেন, “যারা অতীতে বাংলাদেশকে মেনে নেয়নি তারা এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ধর্মের নামে ভোট চেয়ে মুনাফেকি করছে। তারপরও যেহেতু আমরা সহনশীলতায় বিশ্বাস করি, তাই আপনাদের বলবো, সিদা পথে রাজনীতি করেন। ধর্মের নামে বিশৃঙ্খলা করবেন না। তারা বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশত পাওয়া যাবে। তাহলে আর নামাজ-রোজার দরকার কি। আমরা ধর্মে বিশ্বাস করি। অথচ, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সহযোজন করেছেন। তাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই। আমরা তাকিয়ে আছি নির্বাচনের দিকে। জনগণ ভোট দিলে সরকারে যাবো, না হয় বিরোধী দলে যাবে।”

বিএনপি মহাসচিব বলেন, “যাদের তিনটি ভোট নেই তারা নির্বাচন প্রতিহতের নানা হুমকি দিচ্ছে। আমরা মনে করি, এবারের ভোটে প্রমাণ হবে দেশ গণতান্ত্রিক ধারায় যাবে নাকি উগ্রবাদীদের হাতে যাবে।”

জিয়াউর রহমান একটি স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে গেছেন জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “তিনি আমাদের জাতীয়তার পরিচিতি দিয়েছেন। আমাদের ভূখণ্ডকে পরিচিত করে বলেছেন আমরা বাংলাদেশি। আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। কয়েক দিন আগে আমরা নেত্রীকে হারিয়েছে। তারা জানাজায় সমগ্র বাংলাদেশ অংশ নিয়েছে। তাদেরকে অনুসরণ করলে কোনও কিছু করতে হয় না। তারা আমাদের মধ্যে অনন্য।”

Leave A Reply

Exit mobile version