রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ই-জামিননামার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয়ে মানুষের ভোগান্তি কমবে উল্লেখ করে আসিফ নজরুল বলেছেন, জামিন পাওয়ার পরও একজন মানুষকে জেলে থাকতে হতো শুধু প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার জন্য। ই-জামিননামার ফলে মানুষের ভোগান্তি কমবে। সেই সঙ্গে কমবে দুর্নীতিও।

তিনি বলেন, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-জামিননামা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি।
বুধবার সকালে ভার্চুয়ালি ই-জামিননামা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে ভার্চুয়ালি ই-জামিননামা উদ্বোধন করেন আইন উপদেষ্টা। যদিও নারায়ণগঞ্জ জেলায় আগেই শুরু হয় এই কার্যক্রম।
আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ই-জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই ২০-২২ দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলার ই-জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া, পরবর্তী সরকার কোনো কার্যক্রমই বন্ধ করবে না।

এছাড়া জমিজমা সংক্রান্ত মানুষের ভোগান্তি কমাতে ডিজিটাল রেজিস্ট্রেশন চালু করার প্রকল্প শুরু হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। এর আওতায় জমিজমা সংক্রান্ত ফৌজদারি মামলাও অনলাইনে করা হবে।

Leave A Reply

Exit mobile version