নির্বাচনের আগে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সেভাবে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যাগুলো এখনো শেষ হয়নি। বিগত সরকারের সময়ে অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচার এবং পরিকল্পনাহীনতার কারণে গ্যাস-বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গ্যাস সংকট অনেকটা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানুষ ও তাদের সন্তানরা শান্তিতে বসবাস করতে পারবে এবং সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনের দায়িত্ব শুধু সরকারের একার নয়। আলেম-ওলামারা সরাসরি সরকারের অংশ না হলেও সহযোগী হিসেবে আছেন।
তিনি বলেন, জনগণের চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন করতে হবে। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই সরকারের প্রধান লক্ষ্য।
এর আগে কক্সবাজার ও চট্টগ্রাম সফরের অংশ হিসেবে বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারে ফটিকছড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর স্থানীয়রা তাঁকে অভ্যর্থনা জানান।

