Friday, July 17, 2026

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা দাবি করেছে, পাকিস্তানের সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানায়।
ওসিন্ট ইউরোপের দাবি অনুযায়ী, পাকিস্তানের বিমানবাহিনীর হামলায় কাবুলে তালেবান সরকারের শীর্ষ এই নেতা কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারসহ নিহত হয়েছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। আখুন্দজাদা সেই সরকারের সর্বোচ্চ ধর্মীয় ও নীতিনির্ধারণী নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে অভিযান চালায় বলে অভিযোগ ওঠে। ওই হামলায় ৮০ জনের বেশি নিহত হন বলে দাবি করে আফগান পক্ষ। এ ঘটনার পর পাল্টা প্রতিক্রিয়ায় আফগান সেনারা ডুরান্ড লাইনে হামলা চালায়।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাত–এর নির্দেশে কয়েক ঘণ্টা অভিযান চালানো হয়। এতে কয়েকজন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজনকে আটক করার দাবি করা হয়েছে।

ডুরান্ড লাইনে হামলার সময় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, উন্নত প্রযুক্তির অস্ত্র ব্যবহার করে অভিযান চালানো হয়েছে।

পরবর্তীতে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ নামে পাল্টা অভিযান শুরু করে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ধৈর্যের সীমা অতিক্রম হওয়ায় সামরিক জবাব দেওয়া হচ্ছে।

উভয় পক্ষের সামরিক অভিযানে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে।

Exit mobile version