শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের জারি করা অধিকাংশ অর্ডিন্যান্স জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এসব অধ্যাদেশের কিছু হয়তো হুবহু গ্রহণ করা হবে, আবার কিছু ক্ষেত্রে সংশোধন এনে সংসদে বিল আকারে পাস করা হবে। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো অধ্যাদেশ আমরা পাস করতে পারবো।

বুধবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’ আয়োজিত এক সংলাপে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কিছু ইম্পোজ করা, জবরদস্তি করা জাতির জন্যে ভালো ফল নিয়ে আসে না। অন্তর্বর্তী সরকারের অনেকগুলো অধ্যাদেশ আমরা পাস করতে পারবো। আমরা তাদের অনেকগুলো অধ্যাদেশ গ্রহণ করতে পারবো। আবার কিছু নিয়ে আলাপ-আলোচনা করতে হবে। কারণ ৩০ কার্যদিবস নয়, ৩০ দিনের মধ্যে এগুলো পাস করতে হবে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাতীয় ঐক্য ও রাজনৈতিক সমঝোতা জোরদার করতে সরকার একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠনের উদ্যোগ নেবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, আগেই আমরা ধারণা করেছি ফ্যাসিবাদের পতনের পর নৈরাজ্যের সৃষ্টি হতে পারে, হিংসা-প্রতিহিংসা দেখতে হতে পারে। তখনই আমরা চিন্তা করেছি রিকনসিলিয়েশনের কথা। দক্ষিণ আফ্রিকার উদাহরণ মাথায় রেখেছিলাম। তাদের ট্রুথ কমিশন হয়েছে। আমাদের এখানে হয়তো হাফ ট্রুথ কমিশন হবে।’ এটা ন্যায়বিচারের উদ্দেশ্যে বলছি। যা-ই হোক আমাদের ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন আমাদের গঠন করতেই হবে। এটা আমাদের অঙ্গীকার। এর মধ্য দিয়ে আমরা জাতির ঐক্য রাখতে চাই এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক রেহমান সোবহান, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ব্যারিস্টার রুমিন ফারহানা, মানবাধিকার কর্মী খুশী কবির, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ।

Leave A Reply

Exit mobile version