বলিউডের সোনালি দিনের তারকাদের নানা অজানা গল্প মাঝেমধ্যেই সামনে আসে। এবার পুরনো এক সাক্ষাৎকারের ক্লিপ নতুন করে ভাইরাল হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী জয়া প্রদার। কপিল শর্মার শোতে এসে সেই সময়ের নায়ক-নায়িকাদের সঙ্গে কাজের নানা মজার স্মৃতি শেয়ার করেছিলেন তিনি।
অনুষ্ঠানে জয়ার কাছে জানতে চাওয়া হয়, পুরনো দিনের নায়কদের মধ্যে সবচেয়ে বেশি ‘ফ্লার্ট’ করতেন কে? একটু হেসে অভিনেত্রী নাম বলেন ধর্মেন্দ্রর।
এরপর সেটে সবচেয়ে দেরিতে কে আসতেন—এমন প্রশ্নে জয়া জানান, রাজেশ খান্না নাকি অনেক দেরিতে শুটিংয়ে আসতেন। কখনও কখনও রাত ৮টার দিকে সেটে এসে বড়া পাও খেতেন, একটি শট দিয়েই রাত ৯টার মধ্যে প্যাকআপ করে চলে যেতেন।
নিজের শুরুর দিনের কথাও জানান জয়া। মাত্র ১৬–১৭ বছর বয়সে দিনে পাঁচটি শিফটে কাজ করতেন তিনি। এক শুটিং থেকে আরেক শুটিংয়ে যেতে কখনও ট্রেনে, কখনও বিমানে ছুটতে হতো। এমনকি বিমানের মধ্যেই মেকআপ করে পরবর্তী শুটিংয়ে পৌঁছানোর ঘটনাও রয়েছে।
জয়া বলেন, সেই সময় কাজ না করার সুযোগ ছিল না। এনটিআর, রাজকুমারসহ অনেক কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। শুরুর দিকে এত বড় তারকাদের সঙ্গে কাজ করতে ভয় পেলেও এখন সেই কঠিন ব্যস্ত দিনগুলোই তার কাছে গর্বের স্মৃতি।
Keep Reading
Add A Comment

