দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
মাত্র ৩০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এর আগে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের ৩৩ বলে সেঞ্চুরিই ছিল পূর্ণ সদস্য দেশগুলোর ব্যাটারদের দ্রুততম। ভারতের হয়ে ৩৫ বলে রোহিত শর্মার করা রেকর্ডও ভেঙে দেন অভিষেক। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনও এস্তোনিয়ার সাহিল চৌহানের—২৭ বলে।
মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করা অভিষেক সেঞ্চুরিতে পৌঁছান আরও ১৪ বলে। রশিদ খানের বলে আউট হওয়ার আগে ৩৪ বলে ১০৮ রান করেন তিনি। ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।
অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ২২১ রান সংগ্রহ করে। আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে অভিষেকের তৃতীয় সেঞ্চুরি। ভারতের হয়ে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে শুধু রোহিত শর্মা (৫) ও সূর্যকুমার যাদবের (৪)।

