ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েন তিনি। দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের নিজের এই পরিস্থিতির কথা জানান। রাতে দেয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন।
তিনি লেখেন, ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই (আরব আমিরাতের) এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।’
ইস্তানবুলে থাকা বন্ধুর পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তানবুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি ,সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।’
সবশেষে তিনি লেখেন, ‘এখন প্লেনে বসে ঢাকায় ফিরছি। মনটা ভারী কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই “পৃথিবীটা যেন একটু শান্ত হোক”।

