বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দেখা গেল অবিশ্বাস্য এক লড়াই। দুই দলের ব্যাটিং ঝড়ে প্রায় পাঁচশ রানের ম্যাচে শেষ পর্যন্ত ৭ রানের নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে ভারত। পাহাড়সম লক্ষ্য তাড়া করে ২৪৬ রান করেও হার মানতে হয়েছে ইংল্যান্ডকে।

প্রথমে ব্যাট করে গত রাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ড শেষ পর্যন্ত ২৪৬ রান সংগ্রহ করে। ফলে দুই দল মিলিয়ে ম্যাচে মোট রান দাঁড়ায় ৪৯৯, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সম্মিলিত রান।

রান তাড়ায় ইংল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। চার ও ছক্কার ঝড়ে দলকে এগিয়ে নেন জ্যাকব বেথেল। মাত্র ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তবে তার সেঞ্চুরিও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি।

ভারতের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাঞ্জু স্যামসন। তিনি ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। পুরো ম্যাচেই দুই দলের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ক্রিকেট খেলায় দর্শকদের উপহার দেন দারুণ এক রানের লড়াই

এই ম্যাচে রেকর্ডও হয়েছে বেশ কয়েকটি। ভারতের ২৫৩ রান টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং নকআউট ম্যাচে সর্বোচ্চ। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এক আসরে দুইবার আড়াইশর বেশি রান করার কীর্তিও গড়েছে ভারত।

ম্যাচে ছক্কার বন্যাও বয়ে যায়। দুই দল মিলে মোট ৩৪টি ছক্কা হাঁকিয়েছে, যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ। এর মধ্যে ভারতের ইনিংসেই ছিল ১৯টি ছক্কা, যা বিশ্বকাপে কোনো দলের যৌথভাবে সর্বোচ্চ। পুরো টুর্নামেন্টে ভারতের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ৮৮, যা আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রতিযোগিতার ইতিহাসে এক আসরে কোনো দলের সর্বোচ্চ।

তবে ম্যাচটি ইংল্যান্ডের পেসার জফ্রা আর্চারের জন্য ছিল হতাশার। চার ওভারে ৬১ রান দিয়ে একটি উইকেট পান তিনি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং। ভারতের বিপক্ষে তার বলেই সাতটি ছক্কা হাঁকানো হয়, যা বিশ্বকাপের ম্যাচে কোনো বোলারের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ।

ভারতের রহস্য স্পিনার ভারুন চক্রবর্তীর জন্যও দিনটি সুখকর ছিল না। তিনি চার ওভারে ৬৪ রান দিয়ে একটি উইকেট নেন, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড।

অন্যদিকে ইংল্যান্ডের জ্যাকব বেথেলের সেঞ্চুরিও ইতিহাসে জায়গা করে নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ম্যাচে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। একই সঙ্গে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি-এই তিন সংস্করণেই নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করার বিরল কীর্তিও গড়েছেন তিনি।

এই জয়ের মাধ্যমে ভারত আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে ১৫তম বারের মতো ফাইনালে উঠল, যা কোনো দলের জন্য সর্বোচ্চ। ৮ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

রানের বন্যা, রেকর্ডের ঝড় আর শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা এই সেমিফাইনাল হয়ে থাকবে স্মরণীয় এক ম্যাচ!

Leave A Reply

Exit mobile version