জনগণের তথ্য জানার অধিকারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামী ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ। ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ল’ রিপোর্টার্স ফোরামের যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম। এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের পাশাপাশি সিনিয়র সদস্য এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ স্বাধীনের পর সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশ ছিল একটি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রীতি। গত পাঁচ দশকেরও বেশি সময়ে ২৫ জন প্রধান বিচারপতির আমলে সাংবাদকর্মীরা আদালতে প্রবেশ করে শুনানি পর্যক্ষেণ করেছেন, নোট নিয়েছেন এবং সংবাদ প্রকাশ করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টসহ কয়েকটি আদালতে সাংবাদিকরা প্রবেশ করতে পারছেন না। ফলে জনগণের তথ্য জানার অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। আদালতে প্রবেশাধিকার বন্ধের বিষয়ে সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের উপর ভিত্তি করে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সম্পাদক পরিষদ, ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সকল সাংবাদিক নেতৃবৃন্দকে সাম্প্রতিক প্রতিবন্ধকতা এবং কর্মসূচির বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে।
এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, সাঈদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরন, মাশহুদুল হক, শামীমা আক্তার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, হাবিবুর রহমান, সিনিয়র সদস্য শংকর মৈত্র, খোকন বড়ুয়া, সাজেদুল হক, মিলটন আনোয়ার, মহিউদ্দিন ফারুক, বর্তমান সহসভাপতি আবু সালেহ রনি, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদাক জাহিদুল বাশার, কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এসএম নূর মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন।
১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিক সমাজ
তথ্য জানার অধিকারের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ

