রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

লিওনেল মেসির ইন্টার মিয়ামি গত মৌসুমে এমএলএস চ্যাম্পিয়ন হয়ে দারুণ ফর্মে ছিল। সবাই ভেবেছিল নতুন মৌসুম শুরুতেই তারা উড়বে। কিন্তু ২০২৬ সালের প্রথম ম্যাচেই তাদেরকে কঠিন বাস্তবতার মুখোমুখি করেছে লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। সন হিউং-মিনের দল ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মিয়ামিকে।

ম্যাচটা হয়েছে লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে। গ্যালারিতে উপস্থিত ছিলেন ৭৫,৬৭৩ জন দর্শক। যা এমএলএসের ওপেনিং উইকেন্ডের সর্বোচ্চ দর্শকসংখ্যা। অনেকেই মেসিকে দেখতে এসেছিলেন, গোলাপি জার্সিতে স্টেডিয়াম ভরে গিয়েছিল। মেসির প্রতিটি বল ছোঁয়ায় গ্যালারি উত্তাল হয়ে উঠছিল। কিন্তু মাঠের খেলায় মিয়ামি একদমই ছন্দে ছিল না।
এলএএফসির প্রথম গোলটা আসে ৩৮ মিনিটে। সন হিউং-মিন দারুণ একটা পাস দেন, আর ডেভিড মার্টিনেজ সেটা থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান দেনি বুয়াঙ্গা। টিমোথি টিলম্যানের লম্বা পাস পেয়ে বুয়াঙ্গা বল নিয়ন্ত্রণে নেন, গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার বক্সের বাইরে বেরিয়ে আসায় ওপর দিয়ে চিপ করে জালে পাঠান। দর্শকরা তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে। যোগ করা সময়ে (৯০+৪ মিনিটে) নাথান অরদাজ তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।

এই ম্যাচ এলএএফসির নিজস্ব মাঠ বিএমও স্টেডিয়ামে হয়নি। মেসিকে দেখতে বিপুল দর্শক আসায় বড় স্টেডিয়াম কলিসিয়াম বেছে নেওয়া হয়। এই স্টেডিয়াম অতীতে অলিম্পিক, সুপার বোলের মতো বড় ইভেন্ট দেখেছে। এবারের রাতে সব আলো কেড়ে নিতে চেয়েছিল মেসি, কিন্তু মাঠে আলো ছড়ায় এলএএফসি।

মৌসুমের শুরুতেই এলএএফসি পুরো লিগকে শক্ত বার্তা দিয়ে দিল, তারা চ্যাম্পিয়নদের সহজে হারাতে প্রস্তুত। সন হিউং-মিনের অ্যাসিস্ট আর দলের দুর্দান্ত পারফরম্যান্সে এই জয়টা আরও বিশেষ হয়ে উঠেছে।

Leave A Reply

Exit mobile version