Monday, August 31, 2026

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চ এক কার্যদিবসেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে বিশেষ উদ্যোগের আওতায় মাত্র ৯ কার্যদিবসে মোট ৩৫ হাজার ৭৯২টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশনায় গত ৭ মে থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে গত ২৩ জুলাই হাইকোর্ট বিভাগের ১০টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনে ৭ হাজার ৮৫৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়, যা এক কার্যদিবসে এ ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে নতুন রেকর্ড।
তিনি আরও জানান, বিশেষ কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত ৯ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৩৫ হাজার ৭৯২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা মিলিয়ে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৬৯৯টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট কমানো এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ মে থেকে বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত দিনে পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করছেন। এই বিশেষ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version