শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত অবস্থায় ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কারে (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেলওয়ে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ১৭টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এর আধা ঘণ্টা পর বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত বগির সামনে থাকা পাওয়ার কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। বাথরুমে যাওয়া এক বয়স্ক যাত্রী প্রথম আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে চালক ট্রেনটি থামিয়ে দেন। দ্রুত নিচে নেমে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান যাত্রীরা।
খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মী, সেনাসদস্য ও স্থানীয়রা মিলে আগুনের কবলে পড়া বগিটি অন্য বগিগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। ক্ষতিগ্রস্ত বগি দুটি সরিয়ে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়েছে।

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, অগ্নিকাণ্ডের পর ঢাকামুখী লাইনে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও ডাউনলাইন সচল থাকায় ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। নতুন বগি সংযোজন শেষে প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, পাওয়ার কার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

Leave A Reply

Exit mobile version