Monday, August 31, 2026

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পক্ষে নিয়োজিত আইনজীবী এস এম আবুল কালাম আজাদ। এর আগে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুলাই রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন আদালত।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় নাম আসার পর ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এর আগে ২০১৮ সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, এস কে সুর এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিবরণ চেয়ে দুদক নোটিশ জারি করে। ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নিজেই নোটিশ ও সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন।
কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদের হিসাব জমা দেননি। এ কারণে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। মামলায় তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীকেও আসামি করা হয়।
পরবর্তীতে দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন। বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

Exit mobile version