Friday, July 17, 2026

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন-সংক্রান্ত বিষয়ে জারি করা রুল হাইকোর্ট বিভাগে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে গত ১১ মে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দেন হাইকোর্ট। ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেন আদালত।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। সেদিন আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। চার দিন পর, ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ওই রিমান্ড শেষে একই বছরের ৩১ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট আরও কয়েকটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

Exit mobile version