রাজধানীর শ্যামবাজার এলাকায় ছিনতাইকালে কাঁচামাল ব্যবসায়ী মো. চুন্নু মিয়া হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড এবং ছিনতাইয়ের অপরাধে পৃথক কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মামুন ও বাবু ওরফে বাঘা বাবু।
রায়ে আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এছাড়া ছিনতাইয়ের অপরাধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাভোগ করতে হবে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার।
মামলার নথি অনুযায়ী, গেন্ডারিয়ার শ্যামবাজারে কাঁচামালের ব্যবসা করতেন চুন্নু মিয়া। ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে যাত্রাবাড়ীর আড়ৎ থেকে সবজি কিনে রিকশায় ফেরার পথে কাঠেরপুল এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাদের চিনে ফেলেন। বিষয়টি প্রকাশ পাওয়ায় সজিব নামে এক আসামি তাকে ছুরিকাঘাত করেন। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

