সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল আর ভার্চুয়াল দুনিয়ার আসক্তি থেকে শিশুকিশোরদের বইমুখী করতে টাঙ্গাইলের সখীপুরে ব্যতিক্রমী এক আয়োজন করেছে একটি গ্রামীণ পাঠাগার। শিশুদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে যেন ছোট্ট এক বই উৎসবের জন্ম দিল স্থানীয় সেকান্দর আলী পাঠাগার। মনের মতো বই উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্রামের শিশুকিশোররা।
শুক্রবার সকালে সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের নিরিবিলি পরিবেশে দেখা যায় ভিন্ন এক চিত্র। সকাল থেকেই পাঠাগার প্রাঙ্গণে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ বই দেখতে, কেউ শিশুদের আনন্দ ভাগ করে নিতে, আবার কেউ জানতে এসেছেন গ্রামের ভেতরে গড়ে ওঠা ব্যতিক্রমী এই পাঠাগারের গল্প।

স্থানীয়দের মতে, অজপাড়াগাঁয়ের ভেতরে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠা হওয়ায় এলাকায় নতুন একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে। ফলে শিশুকিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহ দিন দিন বাড়ছে।

পাঠাগারটির প্রতিষ্ঠাতা জনপ্রিয় ঔপন্যাসিক ও সাংবাদিক শাহআলম সাজু। বইপ্রেমী মানুষের সহযোগিতায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি নিজ উদ্যোগে গড়ে তোলেন পাঠাগারটি। বর্তমানে এখানে প্রায় তিন হাজার বই রয়েছে। গল্প, উপন্যাস, কবিতা, মুক্তিযুদ্ধ ও শিশুতোষ সাহিত্যসহ নানা ধরনের বই প্রতিদিন পাঠকদের আকর্ষণ করছে।

Leave A Reply

Exit mobile version