Friday, July 17, 2026

বলিউড ভাইজান সালমান খানের আসন্ন সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণি সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুযায়ী, পরিচালক বংশী পৈডিপল্লীর পরবর্তী বিগ বাজেট অ্যাকশন ড্রামায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন দুই ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকা।

সিনেমাটি প্রযোজনা করছে দিল রাজুর মালিকানাধীন প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। জানা গেছে, সব ঠিক থাকলে আগামী এপ্রিলের মাঝামাঝি সময় থেকে এই প্রজেক্টের শুটিং শুরু হতে পারে। পরিচালক বংশী পৈডিপল্লী এর আগে ‘মহর্ষি’ ও ‘বারিসু’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই অ্যাকশন ড্রামাটিতে টানটান উত্তেজনা ও আবেগের দারুণ সংমিশ্রণ থাকবে। বংশীর নির্মাণশৈলী, অভিজ্ঞ প্রযোজনা এবং সালমান-নয়নতারা জুটির রসায়ন সব মিলিয়ে এটি একটি বড় মাপের তারকানির্ভর প্রজেক্ট হতে যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করে বলিউডে ব্যাপক সাড়া ফেলেছিলেন নয়নতারা। নতুন এই সিনেমাটি ২০২৭ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version