Friday, July 17, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবের পরিবর্তে এবার সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রেখে নতুন একটি বিল মার্কিন সিনেটে উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন আইনপ্রণেতাদের মতে, এই বিলের লক্ষ্য রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি থেকে আয় কমিয়ে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি ক্রয়ে নির্ভরশীল দেশগুলোকেও নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে।
বিলটি রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথ উদ্যোগে আনা হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হবে, যাতে তিনি রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর ওপর প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন।
মার্কিন সিনেটের সূত্র অনুযায়ী, বর্তমানে রাশিয়ার অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) প্রধান ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান। অন্যদিকে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য ক্রেতা দেশগুলোর তালিকায় রয়েছে চীন, ফ্রান্স, জাপান, হাঙ্গেরি ও বেলজিয়াম। নতুন বিল কার্যকর হলে এসব দেশই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক ব্যবস্থার আওতায় আসতে পারে।
বিশ্লেষকদের মতে, ৫০০ শতাংশ শুল্কের পরিবর্তে ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আনা হলেও এটি রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই বিবেচিত হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় রেখে রাশিয়ার জ্বালানি রপ্তানি সীমিত করার নীতিই অব্যাহত রাখতে চায়।

Exit mobile version