Friday, July 17, 2026

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি করে হত্যা এবং পৃথক ঘটনায় আরও দুজনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। এছাড়া রামপুরা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বেলা ১১টা ৪৮ মিনিটে রায় ঘোষণা শুরু হয়। রায় পাঠ শুরুর আগে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচারের অনুমতি চান। ট্রাইব্যুনাল অনুমতি দিলে রাষ্ট্রীয় টেলিভিশনে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।
রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও দায় তুলে ধরেন। পরে বিচারক মো. মোহিতুল হক এনাম অভিযোগের বিভিন্ন দিক পাঠ করেন। রায়ের মূল অংশ পাঠ করেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে একমাত্র গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে হাজির করা হয়। মামলার অপর চার আসামি পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় সংঘর্ষ চলাকালে পুলিশি অভিযানের মুখে আমির হোসেন একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পরে তাকে নিচে লাফ দিতে বাধ্য করা হয়। ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তার দুই পায়ে গুলি লাগে এবং তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। একই দিনে রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। এসব ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

Exit mobile version