কয়েক দিনের তীব্র গরমের পর রাজধানীবাসী স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।রোববার দিনভর ঢাকায় মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলে।বিকেলের দিকে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। ঢাকার অন্যান্য স্থানেও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিনিধিরা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

