হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর অবস্থান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত শর্ত মেনে না নেওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধই থাকবে। একই সময়ে ইরানের বিভিন্ন শহরে নতুন করে হামলার খবরও পাওয়া গেছে।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি-নিয়া বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ইরানের কর্তৃত্ব স্বীকৃত না হওয়া পর্যন্ত এই কৌশলগত নৌপথ খুলে দেওয়া হবে না।
তিনি বলেন, গত মাসে হওয়া শান্তি-সংক্রান্ত কাঠামোগত সমঝোতার শর্তগুলো যুক্তরাষ্ট্রকে পুরোপুরি মেনে চলতে হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সব ধরনের ‘বৈরী কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নিয়মও মেনে নিতে হবে।
আকরামি-নিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে পারবে না।
এদিকে, ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দেশটিতে আবারও হামলা চালানোর কথা জানিয়েছে।
সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের জন্য সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে—ইরানের এমন সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এসব ঘটনা ঘটছে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি কাঠামোগত সমঝোতা হলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই ইরানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে তেহরান। এর জবাবে ইরানও অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


