গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন।
তবে এ বিষয়ে ইইউর ‘অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট’ (Anti-Coercion Instrument) ব্যবহারের কথা এখনই ভাবা হচ্ছে না বলেও জানান তিনি।
রোববার (স্থানীয় সময়) আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল মার্টিন বলেন, ‘পরিস্থিতির গতি খুব দ্রুত এবং নাটকীয়ভাবে বেড়েছে। এতে কোনো সন্দেহ নেই—যদি এই শুল্ক আরোপ করা হয়, তাহলে ইউরোপ অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতির সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি এড়াতে অবশ্যই সংলাপ প্রয়োজন। আপাতত আমরা নির্দিষ্ট কোনো পদক্ষেপের বিষয়ে যাচ্ছি না। অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের বিষয়টি এই মুহূর্তে কিছুটা আগেভাগে বলা হয়ে যাবে, তবে ভবিষ্যতে এটি আলোচনায় আসতে পারে।’
উল্লেখ্য, গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরোধিতা করায় ইউরোপের আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের শীর্ষ নেতারা। তারা এই হুমকিকে ‘সম্পূর্ণ ভুল’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। এতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে।

