নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘরের বিছানা থেকে অঙ্কিত বর্মন নামে তিন বছর বয়সী এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার বিকেল আড়াইটার দিকে উপজেলার বরান্তর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অঙ্কিত ওই গ্রামের সাগর বর্মনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা সাগর বর্মন ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত। গত মঙ্গলবার দাদী বিশুকা রানির সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে অঙ্কিত। সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল সে। পরিবারের সদস্যরা রান্নাবান্না ও অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন এবং দাদী পাশের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে অঙ্কিতকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে প্রতিবেশী সুকুমার বর্মনের ঘরের ভেতর বিছানায় অঙ্কিতকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে বরান্তর বাজারে এবং পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার সঠিক বিচারের দাবি জানিয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অপরাধীকে শনাক্ত করতে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

