Monday, August 31, 2026

মাত্র ১০ কার্যদিবসে অর্ধ লক্ষেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি করেছে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ।বৃহস্পতিবার ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের ১৪ টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৭,৫৬৫ (সাত হাজার পাঁচশত পঁয়ষট্টি) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। সম্প্রতি পুরাতন মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০ (দশ) কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৪৩,৩৫৭ (তেতাল্লিশ হাজার তিনশত সাতান্ন) টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে এবং এখন পর্যন্ত পুরাতন ক্রিমিনাল মিস মামলা ও পুরাতন রীট মামলা মিলিয়ে মোট ৫০,২৬৪ (পঞ্চাশ হাজার দুইশত চৌষট্টি) টি পুরাতন মামলা নিষ্পত্তি হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের গন সংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রীট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে। বিগত ০৭ মে ২০২৬ খ্রি. হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রীট মোশন বেঞ্চসমূহের মাননীয় বিচারপতি মহোদয়বৃন্দ দীর্ঘদিনের পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রীট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version