বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বইয়ের বাসভবন ‘মন্নত’-এ অতিরিক্ত দুটি তলা নির্মাণের পরিকল্পনা নিয়ে করা মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফলে এই নির্মাণকাজে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না।
‘মন্নত’কে আটতলা ভবনে রূপান্তরের লক্ষ্যে চলমান নির্মাণকাজের জন্য পাওয়া কোস্টাল রেগুলেশন জোন (সিআরজেড) ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।
আদালত বলেন, এ রায়ে শাহরুখ খানের তারকা পরিচয়ের কোনো প্রভাব নেই। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) পূর্ববর্তী নির্দেশনা বিবেচনায় নিয়েই ‘মন্নত’-এ অতিরিক্ত দুটি তলা নির্মাণের বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

