Friday, July 17, 2026

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহ ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী দিনরাত কাজ করছেন।
আন্দালুসিয়া আঞ্চলিক সরকার জানিয়েছে, প্রথমে লস গায়ারদোস এলাকায় আগুনে পুড়ে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভিন্ন স্থান থেকে আরও মৃত্যুর খবর আসায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। নিহতদের অধিকাংশই বেদার গ্রামের বাসিন্দা।
দাবানলে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারী গুরুতর দগ্ধ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে স্থানীয়দের ধারণা, একটি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে শুকনো ঝোপঝাড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয়। এরপর প্রচণ্ড গরম ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জনকে স্থানীয় একটি সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি উদ্ধার বাহিনী ও দমকল বিভাগ যৌথভাবে কাজ করছে।
এদিকে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল বাতাস দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (EFFIS) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে যায়, যা সাম্প্রতিক ইতিহাসে দেশটির অন্যতম ভয়াবহ দাবানলের বছর হিসেবে বিবেচিত হচ্ছে।

Exit mobile version