Friday, July 17, 2026

ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিষাক্ত কোনো পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর গত কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।
মঙ্গলবার রাতে হঠাৎ রাজেশ শর্মার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। বিষাক্ত পোকার কামড়ে শরীরে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণের কারণে জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।
সুদীপা চট্টোপাধ্যায় ও তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় নিয়মিত হাসপাতালে গিয়ে অভিনেতার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার সকালে সুদীপা জানান, রাজেশ শর্মার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুদীপা বলেন, “এখন উনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। কী ধরনের পোকা কামড়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।”
চিকিৎসকদের মতে, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাজেশ শর্মাকে পর্যবেক্ষণে রাখা হবে। তাই শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও তাকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করা হয়নি।

Exit mobile version