মঙ্গলবার, জুন ২, ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ,রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালোর দিকে যাবে না ।তিনি বলেন, ‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।’ রবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছে। কিন্তু দেশের ভোকেশনাল রিকোয়্যারমেন্টের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না। চীনের উদাহরণ টেনে তিনি বলেন, চীনে স্কুল থেকেই ৬০ শতাংশ শিক্ষার্থী ভোকেশনাল স্কুলে যায়। তারা ইলেকট্রিশিয়ান , প্লাম্বার , মেশিনিস্ট হয়ে বের হয়। এবং দেশের অর্থনীতিকে টেনে নেয়। আমাদের দেশেও স্কিল ডেভেলপমেন্ট ছাড়া শিল্পে, আইটি সেক্টরে বা ফ্যাক্টরিতে চাকরি সৃষ্টি হবে না।

তিনি আইটি খাতকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন। আমীর খসরু বলেন, বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান। বিএনপি ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। ম্যাট্রিক, আইএ, বিএ পাস করা বিপুলসংখ্যক বেকার তরুণ-তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবনে যুক্ত করা হবে।

Leave A Reply

Exit mobile version