Monday, August 31, 2026

প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ৬০ দিনের মধ্যে সব ঝুলে থাকা আবেদন নিষ্পত্তি এবং ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ রিট দায়ের করে।
আদালত প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এসব আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠিয়ে প্রবাসীদের নতুন ও নবায়নের আবেদন দ্রুত পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদনও জমা দিতে হবে।
রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট রিপন বাড়ৈ ও অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম। মামলায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সচিব এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।

Exit mobile version