Friday, July 17, 2026

পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে অর্থনৈতিক সংস্কার, আর্থিক খাতের উন্নয়ন এবং নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের আর্থিক খাতে চলমান সংস্কার, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এবং সরকারের নেওয়া বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগ নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। তবে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি বৈঠকের আলোচনায় আসেনি।
তিনি বলেন, নতুন ঋণ কর্মসূচি নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সংস্থাটির দেওয়া শর্তগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসূচির দিকে এগিয়ে যেতে চায় সরকার। একই সঙ্গে নতুন রাজনৈতিক সরকারের কার্যক্রম নিয়েও আইএমএফ ইতিবাচক মনোভাব দেখিয়েছে।
বৈঠকে আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল অংশ নেয়। আলোচনায় সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি, অর্থনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফের অনুমোদিত ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ পাঁচ কিস্তিতে প্রায় ৩৬৪ কোটি ডলার পেয়েছে। তবে ওই কর্মসূচির প্রায় ২০০ কোটি ডলার এখনও ছাড় হয়নি। দীর্ঘদিন আলোচনা চললেও বাকি অর্থ ছাড় না হওয়ায় আগের কর্মসূচির পরিবর্তে নতুন করে প্রায় ৪৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার।

Exit mobile version