Monday, August 31, 2026

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে নিরপেক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং জনগণের বন্ধু হিসেবেই তাদের দায়িত্ব পালন করতে হবে।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনা। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।
তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের বর্তমান বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন পেশায় অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞা কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশকে আরও দক্ষ ও আধুনিক বাহিনীতে পরিণত করার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং জনগণের প্রত্যাশাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত থেকে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে, যাতে মানুষ পুলিশকে সত্যিকার অর্থেই জনবান্ধব বাহিনী হিসেবে মনে করে।
অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। তিনি বেস্ট প্রবেশনার ও বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ—এই দুই বিভাগে পুরস্কার অর্জন করেন।
এছাড়া শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এ বি এম মামুন বেস্ট শ্যুটার হিসেবে সম্মাননা লাভ করেন।

Exit mobile version