Friday, July 17, 2026

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০২ বোতল ভারতীয় মদ এবং ৩০ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানী পণ্য আটক করেছে। নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ এপ্রিল রাত ১০টার দিকে মুন্সীপাড়া বিওপির একটি টহল দল ধোবাউড়া উপজেলার কড়াইগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, বরুয়াকোনা বিওপির একটি দল শুক্রবার (৩ এপ্রিল) রাত ৩টার দিকে কলমাকান্দার রাজাবাড়ী ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাক থেকে ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা এবং ১০০০ পিস পন্ডস পাউডার জব্দ করা হয়। জব্দকৃত পণ্যসহ আটককৃত ট্রাকটির আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ ৭১ হাজার টাকা।
বিজিবি জানায়, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাচালানী পণ্য নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version