Monday, August 31, 2026

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণের সামনে যে অঙ্গীকার করেছে, সরকার তা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি বলেন, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তবে বাংলাদেশে সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের প্রতি জবাবদিহিতার নীতিতে বিশ্বাস করে। জনগণের কাছে দায়বদ্ধ থেকেই সরকার রাষ্ট্র পরিচালনা করছে।
বিশ্বের চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব পরিস্থিতির প্রভাব বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে পড়ছে। এমন বাস্তবতায় বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।
সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করারও পরামর্শ দেন তিনি।

Exit mobile version