সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাসের সমস্যা সমাধানে সরকার এবার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার এবার এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের নারীদের গৃহস্থালি কাজকে সহজ করতে সরকার এলপিজি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে রান্নার জ্বালানি সহজলভ্য করা হবে এবং কাঠ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের জন্য কাজ করার রাজনীতি। তিনি আরও দাবি করেন, ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে এবং এখন দেশ পুনর্গঠনের সময় এসেছে।

তিনি জানান, আগামী দুই থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া অনেক কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে তিনি স্থানীয়দের খাল খনন কাজে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আহ্বান জানান এবং কোনোভাবেই জনগণের উন্নয়নমূলক কর্মসূচি বাধাগ্রস্ত না করার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

জনগণের অর্থ ফেরত দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জনগণের লুণ্ঠিত অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জনগণই তার জবাব দেবে।

তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

Leave A Reply

Exit mobile version