Friday, July 17, 2026

ইরানি হামলায় অগ্নিগর্ভ দুবাই। সেখানে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য ছেলে ইউভানের স্কুলের ছুটি পড়েছে, তারপর দুবাই বেড়াতে গিয়েছেন মা-ছেলে। শনিবার তাঁরা দুবাই পৌঁছন। সেখানেই আটকে পড়েছেন শুভশ্রী ও ইউভান। তবে তাঁরা হোটেলে নিরাপদে রয়েছেন বলে খবর। কলকাতায় মেয়ে ইয়ালিনির সঙ্গে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেন, ‘শনিবার থেকে আচমকা দুবাইয়ের পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। পাম জুমেইরাহতে উঠেছে ওরা। ওরা বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছনোর পরেই বিমান চলাচলও বন্ধ হয়ে যায়। তবে ওরা নিরাপদে হোটেলে পৌঁছেছে। আমার সঙ্গে কথা হয়েছে। নিরাপদেই রয়েছে। তবে ইউভান সঙ্গে থাকায় আমার চিন্তা বেশি হচ্ছে। ওখানে তো হোটেলের বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। আমাদের বন্ধুবান্ধবরা রয়েছেন। তাঁরা সামলাচ্ছেন। দুশ্চিন্তায় রয়েছি।’ রাজ জানান, পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ছেলেকে নিয়ে ফিরবেন শুভশ্রী। অন্যদিকে, দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। পরপর বিমান বাতিল হওয়ায় উদ্বিগ্ন নায়িকা। এদিকে, দুবাইয়ে গিয়েছিলেন অভিনেতা আর মাধবন, অজিত কুমারও আটকে পড়েছিলেন দুবাইয়ে। মাধবন নিরাপদে ফিরেছেন। অজিত নিরাপদে রয়েছেন দুবাইতে।

Exit mobile version