বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির বিশ্বাস, ত্বকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত পরিচর্যা এবং নিজের ত্বকের চাহিদা বোঝা। তাই ট্রেন্ডি স্কিনকেয়ার পণ্যের পেছনে না ছুটে তিনি এখনো ভরসা রাখেন ঘরোয়া পরিচর্যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি জানান, নতুন কোনো স্কিনকেয়ার পণ্য বাজারে এলেই তা ব্যবহার করার অভ্যাস তার নেই। ছোটবেলা থেকে পরিচিত প্রাকৃতিক উপাদানই তার কাছে সবচেয়ে নিরাপদ ও কার্যকর।
অভিনেত্রীর মতে, প্রতিদিন নতুন প্রসাধনী ব্যবহার করার চেয়ে একটি সহজ ও নিয়মিত রুটিন অনুসরণ করাই বেশি উপকারী। ঘন ঘন পণ্য পরিবর্তন করলে ত্বকে অ্যালার্জি বা ব্রেকআউটের মতো সমস্যাও দেখা দিতে পারে।
রানি জানান, ত্বক ও চুলের যত্নে তিনি এখনো নারকেল তেল ব্যবহার করেন। তার বিশ্বাস, আর্দ্রতা ধরে রাখা এবং চুল-ত্বক সুস্থ রাখতে নারকেল তেলের কার্যকারিতা আজও অটুট।
রানির ভাষায়, সৌন্দর্যের আসল রহস্য কেবল প্রসাধনীতে নয়; বরং নিজের ত্বকের প্রয়োজন বোঝা, স্বাস্থ্যকর জীবনযাপন, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তি বজায় রাখার মধ্যেই লুকিয়ে আছে।

